পাকিস্তানে অস্ত্রধারীদের হাতে হিন্দু কিশোরী অপহরণে উদ্বেগ
ঢাকা এজ ডেস্ক
প্রকাশিত : ১২:০১ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি
পাকিস্তানের সিন্ধু প্রদেশে অস্ত্রধারীদের হাতে ১৩ বছর বয়সী এক হিন্দু কিশোরী অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংখ্যালঘু অধিকারবিষয়ক সংগঠন ভয়েস অব পাকিস্তান মাইনরিটি (ভিওপিএম)। অপহৃত কিশোরীকে জোরপূর্বক ধর্মান্তরিত করে বিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ করে সংগঠনটি দ্রুত তাকে উদ্ধার এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
শুক্রবার সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, সিন্ধু প্রদেশের টান্ডো মুহাম্মদ খান জেলার নওন মাইল স্টপ এলাকায় গত ১০ নভেম্বর রাতে সশস্ত্র ব্যক্তিরা বিবি মেঘওয়ার নামের ওই কিশোরীকে অপহরণ করে। এ ঘটনায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
কিশোরীর বাবার দেওয়া পুলিশি অভিযোগের বরাত দিয়ে ভিওপিএম জানায়, ঘটনার রাতে ওই বাড়িতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও কয়েকজন গ্রামবাসী উপস্থিত ছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি বাড়িতে ঢুকে উপস্থিত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে জোরপূর্বক বিবি মেঘওয়ারকে একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যায় তারা।
কিশোরীর বাবা অপহরণে জড়িত সন্দেহে ওয়াহিদ (নওয়াবের ছেলে) ও নাভিদ নামের দুজনকে শনাক্ত করেছেন বলে জানিয়েছে সংগঠনটি।
ভিওপিএম বলেছে, শুধু আশ্বাস দিয়ে এ ধরনের ঘটনার সমাধান সম্ভব নয়। কিশোরী কোথায় রয়েছে, তার শারীরিক অবস্থা কেমন এবং কী পরিস্থিতিতে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তা দ্রুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপহরণের পেছনে জবরদস্তি বা অন্য কোনো অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয়, তদন্তের অগ্রগতি সম্পর্কে পরিবারকে নিয়মিত ও যাচাইকৃত তথ্য দিতে হবে। কিশোরীর বয়স ও পরিচয় নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য সব সূত্র অনুসরণ করে তাকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এদিকে, চলতি মাসের শুরুতেও পাকিস্তানে আরেক সংখ্যালঘু হিন্দু কিশোরীকে অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর ও বিয়ের অভিযোগ নিয়ে উদ্বেগ জানিয়েছিল ভিওপিএম। সংগঠনটির তথ্যমতে, বিন্দিয়া কুমারী নামের ১৪ বছর বয়সী ওই কিশোরী নবম শ্রেণির শিক্ষার্থী। তার স্কুলে পড়াশোনা করার কথা থাকলেও তাকে অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগের মুখোমুখি হতে হয়েছে।
সংগঠনটি বলেছে, এসব ঘটনা পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারি প্রতিশ্রুতি এবং বাস্তব পরিস্থিতির মধ্যে বড় ধরনের ব্যবধান তুলে ধরছে। সংখ্যালঘু শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে দেশটির আইনপ্রণেতাদের মধ্যেও প্রশ্ন উঠেছে।
পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন, অপহরণ এবং জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগের মধ্যে সর্বশেষ এ ঘটনা দেশটিতে সংখ্যালঘু শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
