জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পয্যন্ত ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, দেশের রাজনীতিতে বর্তমান উদ্ভূত পরিস্থিতি ও আসন্ন বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে শনিবার (২১ নভেম্বর) থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের টানা কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ‎২১ নভেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি ২৫ নভেম্বর দেশের প্রতিটি মহানগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে একই দিন রাজধানীতে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। এ ছাড়াও আগামী ২৬ নভেম্বর দেশের সব জেলা সদরে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এদিকে, আগামী ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি জানিয়ে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ওইদিন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ‎৩০ নভেম্বর দেশের প্রতিটি উপজেলা ও থানা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ও আগামী ‎২ ডিসেম্বর পোশাক শিল্পে সৃষ্ট সংকট ও অস্থিরতা ইস্যুতে রাজধানীতে আলোচনা সভা হবে। সেই সঙ্গে ৬ ডিসেম্বর স্বৈরাচারের পতন ও কেয়ারটেকার সরকার দিবস পালন উপলক্ষে ঢাকায় আলোচনা সভার কর্মসূচি থাকবে।

‎অন্যদিকে, আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দেশে দুর্নীতি দমনে ব্যর্থতা ঘিরে রাজধানীতে জামায়াতের উদ্যোগে কর্মসূচি পালিত হবে। পাশাপাশি ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামায়াতপন্থি আইনজীবীরা কর্মসূচি পালন করবে। সেই সঙ্গে আগামী ১৩ ডিসেম্বর ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও আগামী ‎১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে জামায়াতের উদ্যোগে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি ‎১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই সভায়ও প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

অন্যদিকে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে রাজধানী ঢাকাসহ দেশের সব শাখায় জামায়াতের উদ্যোগে বিজয় র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগামী ‎১৯ ডিসেম্বর শহিদ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে। এ ছাড়া আগামী ‎২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে রাজধানীতে আলোচনা সভা, ‎২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা, ২৩ ডিসেম্বর জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা এবং ‎২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী সারা দেশে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্পের কর্মসূচি পালিত হবে।