প্রধানমন্ত্রী

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:১৫ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। সুন্দর সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।

তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।

গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এসময় উদ্ভাবনী শক্তি যাতে সহায়তার অভাবে হারিয়ে না যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।