সিপিডির

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:০০ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতি বিবেচনা করে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে রাখার প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর সিপিডির ধানমন্ডির কার্যালয় গবেষণা প্রতিবেদন উপস্থাপনের সময় এসব তথ্য উপস্থাপন করা হয়েছে। 

এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও, সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ মিডিয়া ব্রিফিং-এর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

সিপিডির গবেষণায় জীবনযাত্রার ব্যয়ের ওপর ভিত্তি করে তিনটি ভিন্ন স্তরে সম্ভাব্য মজুরির হিসাব তুলে ধরা হয়েছে। প্রথমত ২০২৩ সালের নভেম্বর মাসে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ক্রয়ক্ষমতা বর্তমান বাজারে বজায় রাখতে হলে ন্যূনতম মজুরি অন্তত ১৬ হাজার ৩৫১ টাকা হতে হবে, যা বাস্তবে শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়াবে না, কেবল আগের ক্রয়ক্ষমতা টিকিয়ে রাখবে।

দ্বিতীয়ত, চার সদস্যের একটি পরিবারের জন্য কেবল উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে টিকে থাকার ন্যূনতম খরচ মেটাতে প্রতি আয়কারীকে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা আয় করতে হবে এবং খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা

এবং তৃতীয়ত, অন্যান্য মৌলিক প্রয়োজন মেটানোর পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে একটি মৌলিক ও সম্মানজনক জীবনযাপনের জন্য চার সদস্যের পরিবারের একজন কর্মীর জন্য ২৪ হাজার ২০৪ টাকা প্রয়োজন। 

এ বিষয়ে সিপিডি নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, আমরা বেতন কাঠামোর কথা এখানে উল্লেখ করেছি। তবে বর্তমান জীবনযাত্রার বিবেচনায় নিয়ে আমাদের থাকবে ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাবনা থাকবে। 

নাজনীন বলেন, বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক চাপের মধ্যে কোনো ধরনের চাপিয়ে দেওয়া বা সংঘাতময় প্রক্রিয়ার পরিবর্তে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত এবং প্রমাণের ওপর ভিত্তি করে মজুরি নির্ধারণ করা দরকার। বর্তমান নিয়মে কোনো বড় ধরনের শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের মুখে তাড়াহুড়ো করে মজুরি বোর্ড গঠন করা হয়, যা দীর্ঘমেয়াদে সংকট সমাধান করে না। ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারিত হওয়ার পর ২০২৬ সালের অক্টোবর মাসে শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনে নামে। পরবর্তীতে সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করলেও শ্রমিক পক্ষ থেকে ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে, তবে মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব এখনও অপেক্ষাধীন।

তিনি বলেন, মালিকপক্ষ জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে পোশাকের দরপতনের কারণে তাদের পক্ষে অতিরিক্ত মজুরির বোঝা বহন করা কঠিন। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিদের দাবি, বর্তমান বাজারে খাদ্য ও বাসস্থানের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি মোকাবিলায় জীবনযাত্রার খরচ মেটানোর মতো মজুরি নিশ্চিত করতে হবে।

পোশাক খাতে স্থায়ী শান্তি ও প্রতিযোগী ক্ষমতা বজায় রাখতে সিপিডি কিছু সুনির্দিষ্ট সুপারিশ পেশ করেছে। যার মধ্যে রয়েছে-

মজুরি পুনর্বিবেচনার অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন করা উচিত, যাতে অনাকাঙ্ক্ষিত অসন্তোষ এড়ানো যায়, কোনো ধরনের আবেগ বা চাপভিত্তিক দরকষাকষি নয়, বরং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সঠিক উপাত্ত এবং শ্রমিক পরিবারের প্রকৃত আকার ও আয়কারীর সংখ্যা বিবেচনা করে মজুরি নির্ধারণ করতে হবে।

এছাড়াও রয়েছে- বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত ১১টি মানদণ্ডের (যেমন মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা, ব্যবসার সক্ষমতা ইত্যাদি) জন্য সুনির্দিষ্ট পরিমাপক ও পদ্ধতি তৈরি করা দরকার এবং আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে ন্যায্যমূল্য প্রদান এবং শ্রম ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সোর্সিং নীতিতে পরিবর্তন আনতে হবে। 

২০২৯ সালের মধ্যে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান বাজারে টিকে থাকতে এবং জিএসপি প্লাস সুবিধা পেতে কারখানায় শোভন কাজ এবং 'লিভিং ওয়েজ' নিশ্চিত করা এখন সময়ের দাবি।