হুতিদের হামলায় বিপর্যয়ের পর কমান্ডার বদলাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ০৯:৫২ এএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৩:০৭ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

ইয়েমেনে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের কাছে বড় ধরনের ভূখণ্ড হারানোর পর সামরিক জোটের কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। সোমবার (১৬ নভেম্বর) দেশটির বাদশাহ সালমানের জারি করা এক রাজকীয় আদেশে এই পরিবর্তন আনা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিদায়ী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিক বিষয়ক উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে, সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে জোটের যৌথ বাহিনীর কমান্ডারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সাম্প্রতিক পিছু হটার পরই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন দুই পশ্চিমা কূটনীতিক। তবে এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর ইয়েমেনের স্থবির গৃহযুদ্ধও আবার জোরালো হয়ে ওঠে। এর সুযোগে হুতিরা সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর কাছ থেকে দ্রুত বিভিন্ন এলাকা দখল করে নেয়।

গত অক্টোবর মাসে পাল্টা অভিযান চালিয়ে হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালির আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করেছিল সরকারি বাহিনী। কিন্তু গত রোববার তারা ওই প্রণালির কাছাকাছি কয়েকটি এলাকা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। বাহিনীর দাবি, এখন তাদের প্রধান লক্ষ্য দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের নিরাপত্তা নিশ্চিত করা।

ইয়েমেনের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হুতিরা দেশটির দক্ষিণ উপকূলের খোর ওমাইর এলাকায় অগ্রসর হয়েছে। এলাকাটি এডেন থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে। এ ছাড়া তারা সরকারি বাহিনীর প্রতিরক্ষা অবস্থান থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পৌঁছেছে।

এডেনের বাসিন্দারা জানিয়েছেন, শহরটিতে সরকারি বাহিনী নিরাপত্তা তল্লাশি ও পরিচয়পত্র যাচাই জোরদার করেছে। সরকারি কর্মকর্তা আমিন মাহমুদ রয়টার্সকে বলেন, খাদ্য ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকলেও সরকারি বাহিনীর পিছু হটার ঘটনায় মানুষ উদ্বিগ্ন। সংঘাত এডেনের কাছাকাছি চলে আসতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

রাজনৈতিক ও সংঘাত বিশ্লেষক মোহাম্মদ আল-কাদি বলেছেন, হুতিরা ক্রমেই এডেনের কাছাকাছি চলে আসায় শহরটির জন্য গুরুতর হুমকি তৈরি হয়েছে। তার মতে, সরকারি বাহিনীর মধ্যে বিভক্তি ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের সুযোগ নিচ্ছে হুতিরা।

ইয়েমেনের গৃহযুদ্ধ ২০২২ সাল থেকে অনেকটা স্থবির ছিল। তবে চলতি বছরের গ্রীষ্মে ইরান যুদ্ধের প্রভাবে সংঘাত আবার শুরু হয়। বর্তমানে হুতিরা লোহিত সাগর উপকূল ও বাব আল-মান্দেব প্রণালির আশপাশে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে। এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ চলাচল করে।

সূত্র: রয়টার্স