নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ববি হাজ্জাজ বললেন, ‘আমি হোম মিনিস্টার না’
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৮:০৬ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার
রাজধানীর মোহাম্মদপুরে একের পর এক অপরাধ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি হোম মিনিস্টার না। এটা র্যাবের প্রেস ব্রিফিং বা প্রেস কনফারেন্স না। আমরা আমাদের টপিকে থাকি।’
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, ‘বৃহত্তর মোহাম্মদপুর এলাকা, বা শুধু মোহাম্মদপুর থানার কথাই যদি বলি, এলাকাটি এত বড় যে আমাদের যে কয়টি টহল গাড়ি আছে, সেগুলো দিয়ে কার্যকরভাবে পুরো এলাকা নজরদারি করা খুবই কঠিন। এ জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি।’
তিনি বলেন, ‘মোহাম্মদপুর থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিহারি ক্যাম্পের প্রবেশ ও বের হওয়ার পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এখন প্রায়ই দেখা যায়, কেউ দৌড়াচ্ছে আর পেছনে পুলিশের কোনো সদস্য তাকে ধাওয়া করছেন। এ ধরনের তৎপরতা আগে নিয়মিত দেখা যেত না, এখন শুরু হয়েছে। তবে এক রাতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। আমরা পুলিশ ফোর্সের টহল বাড়াচ্ছি।’
বিহারি ক্যাম্পের পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বিহারি ক্যাম্পের পুনর্বাসন পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ করছি। এগুলো বাস্তবায়ন করতে পারলে অল্প কয়েক বছরের মধ্যে এ ধরনের কোনো সমস্যা থাকবে না।’
বিহারি ক্যাম্প এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্নর জবাবে ঢাকা-১৩ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘একটি বিষয় মনে রাখবেন, আজ আপনি বিহারি ক্যাম্প নিয়ে যে প্রশ্ন করছেন, পাঁচ বছর আগে কোনো জনপ্রতিনিধিকে এখানে বসিয়ে একই প্রশ্ন করলে একই উত্তর পাওয়া যেত। ১০ বছর আগে বা ১৫ বছর আগেও প্রশ্নটি একই থাকত। আমি আপনাদের বলছি, আজ আমরা পরিবর্তন আনছি। পাঁচ বছর পর এ প্রশ্ন আর থাকবে না।’
এ সময় এক সাংবাদিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেন। ক্যামেরা ভাঙচুর বা চুরি হলে নজরদারি ব্যবস্থা কীভাবে কার্যকর থাকবে, সে প্রশ্নও করেন তিনি। পাশাপাশি তিনি সংসদ ভবনের সামনে ছিনতাই ও এর ফলের শিক্ষিকার মৃত্যুর ঘটনায় র্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন।
জবাবে ববি হাজ্জাজ বলেন, ‘আমি হোম মিনিস্টার না। এটা র্যাবের প্রেস ব্রিফিং বা প্রেস কনফারেন্স না। আমরা আমাদের টপিকে থাকি। আজ এখানে (র্যাবের) যারা আছেন, তাদের দায়িত্বের এলাকার ভেতরের বিষয় নিয়েই আলোচনা করি।’
মোহাম্মদপুর এলাকার বিভিন্ন অংশীজনের সহযোগিতায় টহল গাড়ি বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এলাকার অংশীজনদের সঙ্গে আলোচনা করে টহল গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। অংশীজনরা গাড়িগুলো কিনে ডিএমপিকে দেবেন। এ ক্ষেত্রে আমার কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। ডিএমপি থেকে আমি নিশ্চিত করব, গাড়িগুলো যেন সংশ্লিষ্ট থানাগুলোতে দেওয়া হয়।’
তিনি বলেন, ‘মোহাম্মদপুর থানায় বর্তমানে দুটি টহল গাড়ি আছে। এর সঙ্গে আরও ৫টি ভালো মানের টহল গাড়ি যুক্ত করা হলে পুরো এলাকায় সাতটি গাড়ি থাকবে। এতে অপরাধের ঘটনা আরও কমবে।’
এলাকার সব সমস্যার সমাধান হয়ে গেছে, এমন দাবি করছেন না জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘আমি এক মুহূর্তের জন্যও বলিনি যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। এটা হয়নি। আমরা যেভাবে এলাকাটিকে দেখতে চাই, সেভাবে গড়ে তুলতে কাজ করছি। হয়তো এখন পর্যন্ত খুব বেশি অগ্রগতি হয়নি। তবে আমরা কাজ করে যাচ্ছি, যেন অল্প সময়ের মধ্যে, এক বছর হোক, দুই বছর বা তিন বছরের মধ্যে ৯০ শতাংশ কাজ সম্পন্ন করতে পারি।’
