খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১০:৪৩ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হচ্ছে।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন।

শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন, সংসদীয় রাজনীতিতে অবদান, অর্থনৈতিক দর্শন, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, সরকার পরিচালনা ও সুশাসনসহ বিভিন্ন বিষয় স্থান পাবে।

এ ছাড়া প্রত্যক্ষ স্মৃতিচারণ, জীবনের অজানা অধ্যায়, অন্তিম সময় এবং তার নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা নিয়েও লেখার সুযোগ রাখা হয়েছে।

প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। আগ্রহী লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে [email protected] ঠিকানায় লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে। সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।

এ ছাড়া বেগম খালেদা জিয়ার কর্মময় ও সংগ্রামী রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিওচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তার অবদান তুলে ধরা হবে। একই সঙ্গে এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে আশা করছেন আয়োজকেরা।