টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে মিছিল, পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:১৭ পিএম, ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় পুলিশের একটি গাড়িতে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ টুঙ্গিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

দেশব্যাপী ছাত্রধর্মঘট কর্মসূচি পালনের অংশ হিসেবে এদিন সকালে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। এ সময় লগি-বৈঠা নিয়ে একটি মিছিল বের করা হয়।

খবর পেয়ে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা নিয়ে টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে।

এদিকে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালানো হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। অন্যদিকে কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গতকাল রাতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।