যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুই দেশের মধ্যে সংঘাত অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ইরান এখন মার্কিন আলোচকদের সঙ্গে বেশ নম্রভাবে কথা বলছে।

হোয়াইট হাউসে আকস্মিক এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি।’

ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার দাবি করে আসছেন ট্রাম্প। এ অবস্থায় তাকে প্রশ্ন করা হয়, তাহলে কেন তিনি বিজয় ঘোষণা করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করছেন না?

জবাবে ট্রাম্প বলেন, ‘সেখানে আমাদের কয়েকজন চমৎকার মিত্র রয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এখন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে তারা ক্ষতিগ্রস্ত হবে।’

ট্রাম্পের এ বক্তব্যে কার্যত স্বীকার করা হয়েছে, ইরান এখনো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য হুমকি হয়ে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে চাই, শুধু স্বল্পমেয়াদি নয়। ইরান কখনো পরমাণু অস্ত্র পাবে না। তবে এটি দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে হবে।’

এরপর আবারও দ্রুত যুদ্ধ শেষ হওয়ার দাবি করেন তিনি। এক সাংবাদিক তাকে স্মরণ করিয়ে দেন, কয়েক মাস ধরেই আপনি বলে আসছেন যে যুদ্ধ শিগগির শেষ হবে। তবে এমন দাবি করার কথা অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘আমি বলেছি, তারা পরমাণু অস্ত্র পাবে না। আর তাই তাদের পরমাণু অস্ত্র থাকবে না।’

সূত্র : টাইমস অব ইসরায়েল