দৈনিক ৩ ডলারের কম আয়ে জীবনযাপনকারীদের ৪৮ শতাংশই পাকিস্তানের

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ১২:২৯ এএম, ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে গঠিত মেনাপ অঞ্চলে চরম দারিদ্র্য বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে পাকিস্তান। বর্তমানে এ অঞ্চলে দৈনিক ৩ ডলারের কম আয়ে বসবাসকারী দরিদ্র মানুষের প্রায় ৪৮ শতাংশই পাকিস্তানের নাগরিক। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ৬ অক্টোবর প্রকাশিত বিশ্বব্যাংকের ‘মিডল ইস্ট, নর্থ আফ্রিকা, আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান ইকোনমিক আপডেট’-এর অক্টোবর সংস্করণে এ চিত্র তুলে ধরা হয়। পরদিন ৭ অক্টোবর পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনও ‘পাকিস্তান ড্রাইভস রিজিওনাল রাইজ ইন পোভার্টি লেভেলস’ শিরোনামে প্রতিবেদনটির তথ্য প্রকাশ করে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এ অঞ্চলে চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষের প্রায় ৪৭ শতাংশ আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিক। অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেন—এই চারটি দেশেই অঞ্চলটির অধিকাংশ চরম দরিদ্র মানুষের বসবাস। সংঘাত, বাণিজ্য বিঘ্ন, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এ সংকটকে আরও জটিল করে তুলছে।

প্রতিবেদনে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির ধারণা, ২০২৬-২৭ অর্থবছরে দেশটির অর্থনীতি ৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। একই সময়ে দেশটির রাজস্ব ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৫ শতাংশে দাঁড়াতে পারে।

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের কারণে পুরো অঞ্চলের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ২০২৫ সালে অঞ্চলটির অর্থনীতিতে গড়ে ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হলেও ২০২৬ সালে গড়ে ২ দশমিক ১ শতাংশ সংকোচনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সংঘাতের প্রভাব শুধু জ্বালানি খাতে সীমাবদ্ধ নেই। পর্যটন, বিমান চলাচল ও সরবরাহব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি অনিশ্চয়তা বাড়ায় আর্থিক বাজার ও ব্যবসায়ীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে।

বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধ থাকায় উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলো এবার সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। অতীতের জ্বালানি সংকটের সময় তেল রপ্তানিকারক দেশগুলো সাধারণত লাভবান হলেও এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

খাদ্যনিরাপত্তা ও জলবায়ু ঝুঁকি

বিশ্বব্যাংক বলছে, অধিকৃত পশ্চিম তীর ও গাজা এবং ইয়েমেনে খাদ্যনিরাপত্তা পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। এ ছাড়া আফগানিস্তান, জিবুতি, লেবানন ও পাকিস্তানেও খাদ্যনিরাপত্তা নিয়ে উল্লেখযোগ্য চাপ রয়েছে।

২০২৬ সালের শেষ দিকে স্বাভাবিকের চেয়ে শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম বাড়তে পারে, যার সবচেয়ে বড় চাপ পড়বে দরিদ্র জনগোষ্ঠীর ওপর। মৌসুমি বৃষ্টিপাতের ধরনে পরিবর্তনের কারণে পাকিস্তানও এ ঝুঁকির মধ্যে রয়েছে।

অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বিস্তারও অঞ্চলটির অর্থনীতিতে নতুন পরিবর্তন আনতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। তবে অধিকাংশ অর্থনীতিতে স্বল্পমেয়াদে এআইয়ের প্রভাব ব্যাপক কর্মসংস্থান হারানোর পরিবর্তে উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে প্রকাশ পেতে পারে।

মাথাপিছু জিডিপিতে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

এদিকে বিশ্বব্যাংকের সর্বশেষ দেশভিত্তিক অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী, মাথাপিছু জিডিপিতে পাকিস্তানের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

২০২৫ সালের শেষ নাগাদ বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৭ দশমিক ০৩ ডলার। একই সময়ে পাকিস্তানের মাথাপিছু জিডিপি ছিল ১ হাজার ৫৯৫ দশমিক ০৯ ডলার। অর্থাৎ মাথাপিছু জিডিপিতে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে ১ হাজার ১ দশমিক ৯৪ ডলার।

অন্যদিকে একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি ছিল ২ হাজার ৭০২ দশমিক ৫০ ডলার। ফলে মাথাপিছু জিডিপির হিসাবে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও ভারতের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে।