জেলেনস্কির সতর্কবার্তার পর কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ০১:০১ পিএম, ৭ নভেম্বর ২০২৬ শনিবার
ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্তত দুজন আহত হয়েছেন। শনিবারের (৭ নভেম্বর) এ হামলার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, জ্বালানি স্থাপনা, সেতু ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। খবর আলজাজিরার।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, হামলায় ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘কিয়েভের উপকণ্ঠে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শত্রুপক্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অবকাঠামোতে হামলা চালাচ্ছে।’
তিনি জানান, রাজধানীর পশ্চিমাঞ্চলে পাঁচতলা একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানে। এতে ভবনটির ক্ষতি হয়েছে। এ ছাড়া অন্য একটি আবাসিক ভবনের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় দুজন আহত হয়েছেন। পাশাপাশি একটি কিন্ডারগার্টেন থাকা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কয়েক ঘণ্টা পরও বাসিন্দাদের নতুন করে হামলার আশঙ্কা সম্পর্কে সতর্ক করে যাচ্ছিলেন কর্মকর্তারা।
এদিকে যুদ্ধ-পরবর্তী সময়ে পশ্চিমা মিত্রদের নিরাপত্তা সহায়তা কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা চাইছে ইউক্রেন। বৃহস্পতিবার রাতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন জেলেনস্কি। এর আগে ব্রাসেলসে দুই দিন ধরে ইউক্রেনের মিত্রদের মধ্যে আলোচনা হয়।
বৈঠকে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন, আগামী বছরের অর্থায়ন এবং পশ্চিমা মিত্রদের সমর্থনে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়গুলো গুরুত্ব পায়।
ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ অনলাইনে দেওয়া এক পোস্টে জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া বিশ্বব্যাংক এবং মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরুর কথা রয়েছে। আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ আলোচনা হওয়ার কথা। শনিবারের হামলার তিন দিন পর বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে সর্বশেষ এ ধরনের আলোচনা হয়েছিল।
বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি শিগগিরই হতে পারে। তবে ওই দিন ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি বলে জানান তিনি।
সূত্র : আল জাজিরা
