ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ১২:৩৯ এএম, ৬ নভেম্বর ২০২৬ শুক্রবার

গোলের জন্য অপেক্ষা, একের পর এক সুযোগ নষ্ট। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের পা থেকে এল স্বস্তির গোল।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১-০ গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে।

ভুটান র‌্যাংকিং ও শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে। সেই ভুটানই বাংলাদেশের কোচ থমাস ডুলির মাথার ঘাম ছুটিয়েছে। তবে তাকে রক্ষা করেছেন ৬৪ মিনিটে বদলি নামা মো. ইব্রাহিম। তিনি মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যেই গোল করেন। জায়ান আহমেদের ক্রসে ভুটানের বক্সে সামিত সোমের হেড ঘুরে ভলিতে গোল করেন ইব্রাহিম। সেই গোলই বাংলাদেশের জয়ের ভিত।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় নামেন ফাহমিদুল। মিনিট পনেরো পর বাংলাদেশের কোচ ডুলি আরো দুই পরিবর্তন করেন। অধিনায়ক জামাল ভূইয়া ও স্ট্রাইকার হিসেবে খেলানো বিশ্বনাথের পরিবর্তে ইব্রাহিম ও সোহেল রানাকে নামান। ইব্রাহিম মাঠে নামার কয়েক মিনিটের মধ্যে গোল পান।

এক গোলে এগিয়ে থাকার পর বাংলাদেশ কিছুটা রক্ষণাত্মক খেলেছে। ডিফেন্ডার রহমত মিয়াকে ম্যাচের শেষ বিশ মিনিটের জন্য নামান কোচ ডুলি। ভুটান পিছিয়ে থাকলেও বাংলাদেশকে কাপন ধরানোর মত আক্রমণ করতে পারেনি। বাংলাদেশও ব্যবধান দ্বিগুণের মতো কিছু করেনি সেভাবে।মানচিত্র দেখুন

আজ বাংলাদেশ একাদশের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের স্ট্রাইকার বনে যাওয়া। বিশ্বনাথ ইনজুরির জন্য আসিয়ান কাপে স্কোয়াডে ছিলেন না। এবার সাফ টুর্নামেন্টে অনুশীলনে কোচ তাকে ফরোয়ার্ড হিসেবে খেলিয়েছেন। ম্যাচেও তাকে স্ট্রাইকার হিসেবে নামিয়েছেন।

প্রথমার্ধে বাংলাদেশ বল পজিশন ও আক্রমণে এগিয়ে ছিল। বিশেষ করে ভুটানের অর্ধেই বল ছিল অনেক সময়। ডান প্রান্ত দিয়ে রাকিব বেশ কয়েকবার বক্সে প্রবেশ করেছেন। তার ক্রসে একবার বিশ্বনাথ মাথা ছোয়ালেও বল বাইরে দিয়ে যায়। আবার কখনো তার নেয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। বিশ্বনাথের পজিশন বদলে অনভস্ততা প্রথমার্ধে স্পষ্ট হয়েছে।