মাসুদ পেজেশকিয়ান

শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ০৮:৫১ এএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

যুদ্ধে কারও লাভ হবে না। সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়। আলোচনার মাধ্যমে বিরোধ মেটাতে চাইলেও শত্রুপক্ষের মিথ্যা ও অন্যায্য দাবি মেনে নেবে না তেহরান। সোমবার এসব কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান বলেন, আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর উদ্যোগ নিতে সরকারকে বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের শর্ত স্পষ্ট। যুক্তরাষ্ট্র এসব শর্ত মেনে নিলে নৌ চলাচল স্বাভাবিক করা এবং আলোচনা আবার শুরু করা সম্ভব হবে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি দুই দিনের একটি প্রস্তাবের কথা জানান। এতে প্রথম দিনে যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে। পরদিন হরমুজ প্রণালি খুলে দেবে ইরান।

ইরানের দাবির মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, তেল রপ্তানিতে ছাড় পুনর্বহাল এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানো। তবে সোমবার পর্যন্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা আলোচনায় কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে ৩১ অক্টোবর খামেনি ইরানের সশস্ত্র বাহিনীকে যেকোনো ধরনের হুমকির জবাব দেওয়ার নির্দেশ দেন। ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই এই জবাব দেওয়ার প্রস্তুতি রাখতে বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে এই কূটনৈতিক তৎপরতা চলছে। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের পরপরই ইরানে আবার হামলা চালাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন। তবে ট্রাম্প আলোচনার জন্য আরও সময় দিতে চান।

সূত্র: শাফাক নিউজ