টোকিওতে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:২২ এএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৯:৫০ এএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। চার দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে দ্বিতীয় দিন মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৩২ মিনিটে জাপানের প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয় ‘কান্তেইয়ে’ পৌঁছালে তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী।
গাড়ি থেকে নেমে দুই প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। এ সময় গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
গার্ড অব অনার শেষে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানও তার সফরসঙ্গীদের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।
এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। কার্যালয়ে প্রবেশের দীর্ঘ সড়কের দুই পাশে সাজানো হয়েছে বাংলাদেশ ও জাপানের জাতীয় পতাকা।
এদিকে, বাংলাদেশ ও জাপানের মধ্যে শুরু হয়েছে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক।
মঙ্গলবার স্থানীয় সময় পৌনে ১২টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অন্যদিকে, জাপানের প্রতিনিধি দলে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।
চার দিনের এই রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
