যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইতালিতে বিক্ষোভ-সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার

যুদ্ধ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইতালির বড় শহরগুলোতে বিক্ষোভ করেছেন মানুষ। শনিবারের এসব বিক্ষোভে কয়েকটি শহরে সহিংসতার ঘটনা ঘটেছে। এর এক সপ্তাহ আগে দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে।

সম্ভাব্য সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে শহরগুলোতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনেক দোকানও বন্ধ রাখা হয়।

গত সপ্তাহান্তে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় কিছু দোকানে লুটপাট ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ধারাবাহিকতায় শনিবার তুরিন, রোম ও বোলোনিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তবে মিলানে বিক্ষোভ ছিল বেশির ভাগ ক্ষেত্রে শান্তিপূর্ণ।

রয়টার্সের সাংবাদিকেরা মিলানে কোনো দোকানে লুটপাট বা সম্পদ ভাঙচুরের ঘটনা দেখেননি।

এদিকে, চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিক্ষোভের ডাক ছড়িয়ে পড়ার পর গত সপ্তাহের সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এর আগে ইতালির পুলিশ জানায়, গত সপ্তাহের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ‘অক্টোবর ১৭ আন্দোলন’ সংগঠনের আয়োজনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিলানের পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়।

সূত্র: রয়টার্স