চট্টগ্রামে বাস-সিএনজির সংঘর্ষে শিশুসহ নিহত ২, পুলিশের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:১৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মৌলভীর দোকানের দক্ষিণ পাশে ইকবাল কনভেনশন হলের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঐ ঘাতক বাসে উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতকানিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এছাড়াও একটি গাড়িতে আগুন লাগায়। তবে কারা গাড়ি ভাঙচুর করেছে তাদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় কেরানীহাট থেকে মৌলভীর দোকান পর্যন্ত মহাসড়কে অবরোধ সৃষ্টি হয়েছে। পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ চলমান থাকায় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।