সাজেক ভ্যালি আবারও বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:১৭ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

অনিবার্য কারণে আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটনকেন্দ্র ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরে জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের ২২ অক্টোবর বিকেল ৪টার মধ্যে পর্যটনকেন্দ্র ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে হবে।

এর আগে, গত ১১ অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। ওই নির্দেশনায় পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করতে বলা হয়েছিল। পরে দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের ভ্রমণের সুযোগ দিতে ১৫ অক্টোবর নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়।

তবে পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও বন্ধ ঘোষণা করা হলো সাজেক ভ্যালি।