প্রধানমন্ত্রীকে অনুসরণ করে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাকে মিরপুর থেকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতার নাম তানভীর জোমাদ্দার। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

মিরপুর থানা পুলিশ জানিয়েছে, গত শনিবার রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি গলায় আইডি কার্ড ঝুলানো একজন ব্যক্তির উপস্থিতি দেখা যায়। এক পর্যায়ে তাকে প্রধানমন্ত্রীকে অনুসরণ করে কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেও দেখা যায়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তানভীর জোমাদ্দারকে চিহ্নিত করা হয় ছাত্রলীগ নেতা হিসেবে। পরে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ।

মিরপুরের ডিসি হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, তানভীর কী কারণে ওখানে গিয়েছিলেন তা আমরা খতিয়ে দেখছি। তার গলায় একটি আইডি কার্ড ছিল। যা দেখে অনেকে বিভ্রান্ত হয়েছে। আমরা জানতে পেরেছি, মিরপুরের একটি দোকানের কার্ড এটি। তিনি এই কার্ড গলায় ঝুলিয়ে কেন তিনি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন তা তদন্ত হচ্ছে।