কর্ণফুলী কমিউটার লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০২:৩৫ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার
কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ প্রাথমিকভাবে বন্ধ হয়ে গেলেও পরবর্তীতে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি এলাকায় ঢাকামুখী লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল কমিউটার ট্রেন কর্ণফুলী। দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে আপলাইন এবং ডাউনলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তেমন কোনো হতাহতের খবর পাইনি আমরা। লাইনচ্যুত বগি উদ্ধারে রেসকিউ টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।
