উত্তরায় দুই ঘণ্টা পর সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

কেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করার পর প্রায় দুই ঘণ্টা পর অবস্থান ছেড়েছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাঁরা সড়ক থেকে সরে গেলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে সকাল ১০টার দিকে উত্তরার আজমপুর এলাকায় ছয় থেকে সাতটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অফিস সময়ে সড়ক অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধসহ তাঁদের দাবিগুলো পূরণে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সমাধান হয়নি। এ কারণে তাঁরা সড়কে নেমে বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন।