কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

রোবটের বিরুদ্ধে ১৬ বছর বয়সি এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, রোবটটির ১৬ বছর বয়সি মালিক ও তার ১৯ বছর বয়সি সঙ্গী যৌথভাবে সেটি নিয়ন্ত্রণ করেছিলেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেন তারা। ঘটনাটি জার্মানির কোলোন শহরের বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, জার্মানির দুই কিশোরের বিরুদ্ধে একটি রোবট নিয়ন্ত্রণ করে ১৬ বছর বয়সি এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

কোলোন শহরে ওই লাল ও সোনালি রঙের রোবটটি জব্দ করেছে পুলিশ। অভিযোগ, ‘রোবটটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং তার শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে কিশোরী চিৎকার করে সরে যায়।’

নর্থ রাইন-ভেস্টফালিয়া পুলিশের ভাষ্য, রোবটটির ১৬ বছর বয়সি মালিক ও তার ১৯ বছর বয়সি এক সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন।

ফেসবুকে দেওয়া পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি মেয়েটি বন্ধুদের সঙ্গে থাকার সময় রোবটটি পেছন দিক থেকে তার কাছে এগিয়ে যায়। রোবটটির উচ্চতা ১২০ সেন্টিমিটার (৩ দশমিক ৯ ফুট)।

শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর জরুরি সেবায় খবর দেওয়া হয়। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে ওই কিশোর ও তার ১৯ বছর বয়সি সঙ্গীকে খুঁজে পায় পুলিশ। পুলিশের ভাষ্য, কিশোরটি রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিল। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়।

পুলিশ প্রকাশিত একটি ছবিতে রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেন ও সাদা ভেস্ট দেখা যায়।

রোবটটির পাশাপাশি অভিযুক্তদের দুটি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ। ঘটনার সময় কেউ ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ফেসবুকে দেওয়া পরবর্তী এক পোস্টে পুলিশ সতর্ক করে বলেছে, এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে।