কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

ঢাকা এজ প্রতিবেদক

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর ভাবি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায় মোস্তফা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইমনের মা ও মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারাবেগম (৫৫) এবং তাঁর ভাতিজি সুজন মিয়ার মেয়ে ইশরাত জাহান (৮ মাস)। এ ঘটনায় ইমনের ভাবি ও সুজন মিয়ার স্ত্রী রাবেয়া (২৮) গুরুতর আহত হয়েছেন। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহিন মিয়ার নেতৃত্বে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।

স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত পান ইমন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। তাঁর মা বিভিন্নভাবে ধারদেনা করে চিকিৎসার খরচ চালাচ্ছিলেন। দুই দিন আগেও তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে। তবে কী কারণে তিনি এ ঘটনা ঘটালেন, তা তাঁরা বুঝতে পারছেন না।