আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

ঢাকা এজ প্রতিবেদক

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার দুপুরে সিএমএইচে গিয়ে আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ এ তথ্য জানান।

এর আগে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত ও এক কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে আনা হয়।

দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।