থাই বিমানবন্দরে ভাঙচুর: চীনা পর্যটকের আজীবন প্রবেশ নিষিদ্ধ
ঢাকা এজ ডেস্ক
প্রকাশিত : ০১:১৯ এএম, ৩১ মে ২০২৬ রোববার
থাইল্যান্ডের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় কাচের গেট ভাঙচুরের অভিযোগে এক চীনা পর্যটককে আজীবনের জন্য দেশটিতে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের সামুত প্রাকান প্রদেশে অবস্থিত বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ৩০ বছর বয়সী ওই চীনা নাগরিক বুধবার বিমানবন্দরের স্বয়ংক্রিয় ইমিগ্রেশন গেট ব্যবহার করার সময় নির্দেশনা অনুসরণ করতে ব্যর্থ হন। গেটটি সঠিকভাবে কাজ না করলে তিনি ক্ষিপ্ত হয়ে কাচের দুটি ব্যারিয়ারে লাথি মারেন এবং জোরপূর্বক গেট অতিক্রম করার চেষ্টা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি প্রথমে নিজের ভ্রমণ নথি আছাড় মারেন এবং পরে কাচের গেট ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। দ্বিতীয়বারও গেট ব্যবহার করতে ব্যর্থ হলে তিনি আবার লাথি মেরে গেটের ক্ষতি করেন।
ঘটনার পরপরই বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে। কর্তৃপক্ষ জানায়, গেটের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ হাজার মার্কিন ডলার। এ ঘটনায় তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি হিসেবে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।
এছাড়া দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত হলে আরও এক বছর পর্যন্ত কারাদণ্ড বা ২০ হাজার থাই বাত পর্যন্ত জরিমানা হতে পারে।
থাই কর্তৃপক্ষ ইতোমধ্যে ওই ব্যক্তির ভিসা বাতিল করেছে এবং তাকে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করেছে, ফলে ভবিষ্যতে তিনি আর কখনও থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন না। আইনি প্রক্রিয়া শেষ হলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি থাইল্যান্ড সরকার বিদেশি নাগরিকদের অসদাচরণ ও আইনভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিশেষ করে ফুকেট ও সুরাত থানি’র মতো জনপ্রিয় পর্যটন এলাকায় দীর্ঘমেয়াদি অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে অসভ্য আচরণ ও স্থানীয়দের হয়রানির অভিযোগ বেড়ে যাওয়ায় প্রশাসন আরও কঠোর নজরদারি শুরু করেছে।
