জার্মানিতে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগে দম্পতি গ্রেপ্তার

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ০১:৩২ এএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

জার্মানির মিউনিখে বসবাসকারী এক দম্পতিকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির তদন্তকারী সংস্থা। বুধবার জার্মানির ফেডারেল প্রসিকিউটর দপ্তর এ তথ্য জানায়।

গ্রেপ্তার হওয়া ওই নারী ও পুরুষ দুজনই জার্মান নাগরিক। প্রসিকিউটরদের দাবি, তারা চীনের একটি গোপন গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন।

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, সামরিক কাজে ব্যবহারযোগ্য উচ্চপ্রযুক্তি সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তারা জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। বিশেষ করে মহাকাশ ও বিমান প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অধ্যাপকদের সঙ্গে সম্পর্ক স্থাপনে তারা সক্রিয় ছিলেন।

প্রসিকিউটরদের অভিযোগ, সন্দেহভাজনরা কখনও অনুবাদক আবার কখনও জার্মানির একটি গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী পরিচয়ে বিভিন্ন মহলে প্রবেশাধিকার নেন।

তারা কয়েকজন বিজ্ঞানীকে পারিশ্রমিকের বিনিময়ে চীনে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণও জানান। তবে তদন্তকারীদের দাবি, এসব বক্তৃতা সাধারণ শ্রোতাদের জন্য নয়; বরং চীনের রাষ্ট্র পরিচালিত অস্ত্র কোম্পানির সংশ্লিষ্ট ব্যক্তিদের সামনে অনুষ্ঠিত হয়েছিল।

এক সপ্তাহ আগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার তাদের আটক করা হয়। এ অভিযানে বাভারিয়ার আঞ্চলিক কর্তৃপক্ষ ফেডারেল প্রসিকিউটরদের সহায়তা করে।

পরে ওই দম্পতিকে তদন্তাধীন আটক রাখার বিষয়ে সিদ্ধান্তের জন্য কার্লসরুহের ফেডারেল কোর্ট অব জাস্টিসে নেওয়া হয়। একই সঙ্গে মিউনিখে তাদের বাসস্থান ও কর্মস্থলে তল্লাশি চালানো হয়।

এছাড়া বাভারিয়া, ব্যাডেন-ভুর্টেমবার্গ, বার্লিন, ব্রান্ডেনবুর্গ, লোয়ার স্যাক্সনি এবং নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যেও সংশ্লিষ্ট অভিযান পরিচালিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অভিযান মূলত সম্ভাব্য সাক্ষীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য চালানো হয়েছে এবং তারা কোনো অপরাধে সন্দেহভাজন নন।