ভারত-সুইডেন কৌশলগত অংশীদারত্ব চুক্তি, দ্বিগুণ বাণিজ্যের লক্ষ্য
ঢাকা এজ ডেস্ক
প্রকাশিত : ০১:৪৩ এএম, ২৪ মে ২০২৬ রোববার
ভারত ও সুইডেন দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আগামী পাঁচ বছরের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্যে একটি নতুন কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। রবিবার সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে এই ঘোষণা আসে। এসময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনও উপস্থিত ছিলেন।
যৌথ সংবাদ সম্মেলনে ক্রিস্টারসন বলেন, “বর্তমান গতিতে এগোতে পারলে আগামী পাঁচ বছরের মধ্যে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ দ্বিগুণ করার যৌথ লক্ষ্য অর্জন সম্ভব।” তিনি আরও জানান, এই লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন হতে পারে বলে তিনি আশাবাদী।
বর্তমানে ভারত ও সুইডেনের বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৭ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার।
নরেন্দ্র মোদি বলেন, নতুন অংশীদারত্বের আওতায় সবুজ জ্বালানি রূপান্তর, প্রতিরক্ষা, উদীয়মান প্রযুক্তি এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে দুই দেশ একসঙ্গে কাজ করবে। এছাড়া নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
সুইডেনের প্রধানমন্ত্রী জানান, দুই দেশের মহাকাশ সংস্থা যৌথভাবে ভেনাস অরবিটার মিশনের একটি যন্ত্র উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেন, চলতি বছরের শেষ দিকে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি বড় ব্যবসায়িক অনুষ্ঠানে নতুন অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ চুক্তিও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা পুনর্গঠনের এই সময়ে অর্থনৈতিক নিরাপত্তা ও ঝুঁকি কমাতে গভীর বিনিয়োগ সম্পর্ক প্রয়োজন।”
