চীনের চাপে জাম্বিয়ায় মানবাধিকার সম্মেলন বাতিলের অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

আন্তর্জাতিক মানবাধিকারভিত্তিক সংগঠন ‘অ‍্যাকসেস নাউ’ অভিযোগ করেছে, চীনা কূটনৈতিক চাপের মুখে জাম্বিয়ার সরকার শেষ মুহূর্তে একটি বড় আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন বাতিল করেছে।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ডিজিটাল অধিকারবিষয়ক দীর্ঘদিনের আন্তর্জাতিক সম্মেলন মঙ্গলবার জাম্বিয়ার রাজধানী লুসাকায় শুরু হওয়ার কথা ছিল। তবে সম্মেলনে তাইওয়ানের নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে চীনা কর্মকর্তাদের আপত্তির পর জাম্বিয়ার সরকারের ওপর চাপ সৃষ্টি করা হয় এবং এর ফলেই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে দাবি করেছে  ‘অ‍্যাকসেস নাউ’ 

এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। একইভাবে যুক্তরাষ্ট্রে জাম্বিয়ার দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এক দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসা রাইটসকন সম্মেলনে সাধারণত গণমাধ্যম, প্রযুক্তি খাত, নাগরিক সমাজ ও সরকারি প্রতিনিধিরা অংশ নিয়ে থাকেন। আয়োজকদের তথ্যমতে, এবারের সম্মেলনে হাজারো অংশগ্রহণকারীর উপস্থিতির আশা করা হয়েছিল।

এর আগে সম্মেলনের বিভিন্ন আয়োজনে এনক্রিপটেড মেসেজিং অ্যাপ সিগন্যাল ফাউন্ডেশনের সভাপতি এবং অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশনের  এক সদস্য অংশ নিয়েছিলেন।

লুসাকায় এবারের আয়োজনটি দক্ষিণ আফ্রিকা অঞ্চলে রাইটসকন-এর প্রথম সম্মেলন হওয়ার কথা ছিল। আয়োজকরা বলছেন, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের মৌলিক স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ সত্ত্বেও তারা ভবিষ্যতে আবারও একত্রিত হবেন।

বিবৃতিতে বলা হয়, “জাম্বিয়ায় রাইটসকন অনুষ্ঠিত না হলেও আমরা আবার একত্রিত হব।”