ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ 

হাতকড়া পরিয়ে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৮, ১৬ নভেম্বর ২০২৬

শেয়ার

হাতকড়া পরিয়ে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির

শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে প্রথমে এ মামলার ১০ আসামিকে আনা হয়। পরে দুপুর ১২টা ১ মিনিটে হাজির করা হয় মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে।

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন।

ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

এ সময় অধিকাংশ আসামির মুখে গাম্ভীর্য দেখা যায়। হাসানুল হক ইনু ও আবদুল লতিফ সিদ্দিকীসহ অন্যরা ছিলেন অনেকটা নির্বিকার। তবে ব্যতিক্রম ছিলেন শামসুল হক টুকু। তার মুখে দেখা যায় স্বাভাবিক হাসি।

এর আগে গত ১২ নভেম্বর এ মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। পরে আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন।

novelonlite28
umchltd