ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ 

ধর্ম যার যার, রাষ্ট্র সবার :রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ২১ অক্টোবর ২০২৬

শেয়ার

ধর্ম যার যার, রাষ্ট্র সবার :রাষ্ট্রপতি

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সব সনাতন ধর্মাবলম্বীসহ সকল নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার।

বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। হাজার বছর ধরে এ ভূখণ্ডে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক সংঘাত চলছে, তখন বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালন করছে। এটিই দেশের সবচেয়ে বড় অর্জন। এই সম্প্রীতি দেশের শক্তি ও অস্তিত্বের ভিত্তি, যা যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য, ন্যায়, গণতন্ত্র ও মানবিক মর্যাদাভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। মহান মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক সংগ্রাম ও অন্যায়ের বিরুদ্ধে সব ধর্মের মানুষের অংশগ্রহণ জাতীয় ঐক্যের ভিত্তি।

রাষ্ট্রপতি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই এ দেশের নাগরিক। সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ বা গোষ্ঠী পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য বা নিপীড়নের শিকার হবেন, তা গ্রহণযোগ্য নয়। এসব অধিকার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয়ের সুবিধার্থে একটি জাতীয় কমিটি গঠন করা হলে কাজটি সহজ হতো বলে তিনি মনে করেন।

সব ধর্মের মানুষ যাতে নিরাপদ ও আনন্দময় পরিবেশে ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, কখনো কখনো গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালানো হয়। এসব অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে দৃঢ় ও আপসহীন থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এ দেশ সবার। সবাইকে একসঙ্গে দেশ গড়তে হবে। কোনো অপশক্তিকে বিভেদ সৃষ্টি করে জাতীয় ঐক্য ও অগ্রগতি বিনষ্ট করতে দেওয়া যাবে না। পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি।

বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, শারদীয় উৎসবের আনন্দ ও শুভবোধ সবার জীবনে মঙ্গল বয়ে আনবে।

novelonlite28
umchltd