ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ 

ডামুড্যাকে পরিচ্ছন্ন রাখতে হুইপ অপুর নির্দেশনায় বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ২০ অক্টোবর ২০২৬

শেয়ার

ডামুড্যাকে পরিচ্ছন্ন রাখতে হুইপ অপুর নির্দেশনায় বিশেষ অভিযান

শরীয়তপুরের ডামুড্যা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তুলতে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নির্দেশনা ও অনুপ্রেরণায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ডামুড্যা উপজেলার ‍আলহাজ্ব আব্দুর রাজ্জাক নার্সিং কলেজের ভেতরে কাশবন, আগাছা ও স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে ডামুড্যা উপজেলা প্রশাসনের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

অভিযানের মাধ্যমে নার্সিং কলেজের ভেতরে বেড়ে ওঠা কাশবন ও বিভিন্ন আগাছা পরিষ্কারের পাশাপাশি জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ডামুড্যা শহরের হাসপাতাল, বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ডামুড্যা উপজেলাতেও এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আজকের আয়োজনটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি একটি পরিচ্ছন্ন শরীয়তপুর ও ডামুড্যা উপহার দেওয়ার যে প্রত্যয়, সেই লক্ষ্য বাস্তবায়নে তার নির্দেশনা ও অনুপ্রেরণায় এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। আজ আলহাজ্ব আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ থেকে অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে হাসপাতাল, বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ কার্যক্রম পরিচালনা করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জ্বল শিকদার ও আলমাস সরকার, ডামুড্যা পৌরসভা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন মাদবর, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল মাদবর, ডামুড্যা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে মশার সম্ভাব্য প্রজননস্থল নির্মূল, ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই নয়, সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। তাই নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

novelonlite28
umchltd